চুরি যাওয়া তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও স্কুটি সহ ছয় চোর গ্রেপ্তার আগরতলায়
স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ অক্টোবর।। রাজধানী আগরতলা শহরে বিভিন্ন জায়গায় চুরির ঘটনার সাথে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে ছয়জনের মধ্যে একজন একটি জুয়েলারি দোকানের মালিকও রয়েছে। যার কাছে চুরি যাওয়া সামগ্রী বিক্রি করা হত। পুলিশ তদন্তের স্বার্থে ওই জুয়েলারির মালিকের নাম প্রকাশ্যে আনেনি।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সাংবাদিকদের জানিয়েছেন, মূলত দুটি মামলায় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মামলায় বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। এর মধ্যে দুজন হল আগরতলার রেন্টার্স কলোনীর উদয় দত্ত এবং নয়ন বর্মন। আরেকজন জুয়েলারির মালিক।
অন্যদিকে, আরও একটি মামলায় পুলিশ একটি স্কুটি উদ্ধার করেছে। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। তারা হল সুভাষনগরের সাগর সরকার, দুর্গাচৌমুহনীর রাহুল দাস এবং জগহরিমুড়ার বিশাল সাহা। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আগরতলা শহরের আরও কয়েকটি চুরির ঘটনার বিস্তারিত তথ্য পেয়েছে। পুলিশের দাবি আরও কয়েকজনের নামধাম জানা গিয়েছে। খুব শীঘ্রই তাদের জালে আটক করা হবে।
