অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি বাস্তুভিটা থেকে উচ্ছেদের ঘটনায় আদালতের দ্বারস্থ দম্পতি
বিলোনিয়া, ৬ জুন : চল্লিশ বছর ধরে বাস্তুভিটা থেকে উচ্ছেদের চেষ্টার ঘটনায় সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে দখলকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২০ তারিখ আদালতের কাছে। সেই মামলা বিচারাধীন থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টায় বাঁধা দিলে মেরে ফেলার হুমকির ঘটনা নিত্যনৈমিত্তিক ভাবে চলছে দম্পতির উপর। অবশেষে অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি বাস্তুভিটা থেকে উচ্ছেদের ঘটনায় আদালতের দ্বারস্থ দম্পতি।
জানা গিয়েছে, গত শনিবার জুন মাসের ৪ তারিখে রাতে বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। কিন্তু টের পাওয়ার পর দম্পতি সহ ছেলে মেয়েরা প্রাণে বেঁচে যায়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায়। যদিও এই দম্পতি শান্তিরবাজার থানায় দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তিরবাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার ৫ জুন।
মামলা করার পাশাপাশি বিলোনিয়া আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার। জানা যায়, শ্যামল সরকার চল্লিশ বছর যাবৎ বাইখোরা তহশীলের লাউগাং মৌজায় মধ্যে ১৮৩৪ নং খতিয়ানের হালে ১১১ নং দাগে ০.২০ টিলাভুমিতে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। কিন্তু প্রদীপ মজুমদার, শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভুমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ। কি ভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলোনিয়া ভুমি বন্দোবস্ত কর্তৃপক্ষদের বিরুদ্ধে প্রশ্ন দেখা দিয়েছে। কোন তদন্ত ছাড়া বিলোনিয়া ভুমি বন্দোবস্ত কর্তৃপক্ষরা একজনের জায়গা অন্য জনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
