আরও একটি ভাষা আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটি
স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ সেপ্টেম্বর।। বাংলাদেশ ও শিলচরের মতো পুনরায় ভাষা আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির নেতৃত্বরা। বাংলা ভাষার অস্তিত্বকে মিটিয়ে দিয়ে হিন্দি এবং অন্যান্য ভাষাকে চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেছেন, তিন হাজর বছরেরও বেশী পুরনো ভাষা হচ্ছে বাংলা ভাষা। সংবিধান স্বীকৃত এই ভাষাকে আজও দ্রৌপদি ভাষার মর্যাদা দেয়া হচ্ছেনা। যেখানে অহমিয়া ভাষা অনেক নতুন ভাষা তাকেও দ্রৌপদি ভাষার মর্যাদা দেয়া হয়েছে।
শনিবার আমরা বাঙালী ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে বাঙালী উদ্বাস্তু পরিবারদের পুনর্বাসন দেয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বেকার সমস্যা নিরসন করা সহ বিভিন্ন দাবীতে রাজধানী আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়েছে। মিছিলটি শহরের শিবনগরস্থিত দলের রাজ্য কার্য্যালয় থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন পরিকল্পিতভাবে বাঙালীর মাতৃভাষা বাংলা ভাষাকে উপেক্ষিত রাখা হয়েছে। তিন হাজার বছরেরও বেশী পুরনো এই ভাষাকে দ্রৌপদি ভাষার মর্যাদা দেওয়া হচ্ছে না। যেখানে অহমিয়া ভাষা অনেক নতুন ভাষা, তারপরও এই ভাষাকে দ্রৌপদি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি বলেন উড়িয়া, অহমিয়া এবং বাংলা ভাষা এই তিনটি ভাষার গুরুত্ব রয়েছে নিশ্চয়। তারপরও পুরনো ভাষা হচ্ছে বাংলা ভাষা। হিন্দি ভাষা সম্পর্কে তিনি বলেন, এই ভাষা উর্দু সহ বেশ কয়েকটি ভাষার সংমিশ্রণে তৈরী হয়েছে। দেশে হিন্দি ভাষাকে চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে। এর তীব্র প্রতিবাদ জানায় আমরা বাঙালী। গৌরাঙ্গবাবু এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন যদি বাংলা ভাষাকে দ্রৌপদি ভাষার মর্যাদা দেয়া না হয় তাহলে আগামীদিনে বাংলাদেশ ও শিলচরের ভাষা আন্দোলনের মত আরও একটি ভাষা আন্দোলন গড়ে তোলা হবে।
