সাব্রুমে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া
সাব্রুম, ৩০ আগস্ট : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের রামজী পাড়ায় আগরতলা-সাব্রুম রেললাইনে শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৮ বছরের সত্যজিৎ দে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় ট্রেন চলাচলের সময় সত্যজিৎ দে রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ ও জিআরপি থানার আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাব্রুম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার খবর শুনে ভিড় জমান ঘটনাস্থলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যজনক পরিস্থিতি, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।
