পূর্বের মামলার সূত্র ধরে কোনাবনের জঙ্গল থেকে চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার, এক চোর আটক
আগরতলা, ৩১ জানুয়ারি : পূর্বের মামলায় ধৃত বাইক চোরদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মধুপুর থানাধীন কোনাবনের জঙ্গল থেকে চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। পাশাপাশি গোয়ালাবস্তি এলাকা থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের চেইনও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই অভিযানে এক বাইক চোরকে আটক করা হয়েছে। শনিবার এনসিসি থানায় এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান এসডিপিও সুব্রত বর্মন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসে এনসিসি থানার পুলিশ চুরি যাওয়া দুটি বাইক সহ মোট ছয়জন বাইক চোরকে গ্রেফতার করে। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানোর সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার এনসিসি থানাধীন অভয়নগর আউটপোস্টের ইনচার্জ জয়নাল হোসেনের নেতৃত্বে মধুপুর থানাধীন কোনাবন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় একটি জঙ্গলের সামনে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর কোনাবনের জঙ্গলে তল্লাশি চালিয়ে জঙ্গলের ভেতর থেকে চুরি যাওয়া চারটি বাইক উদ্ধার করা হয়। পাশাপাশি এক বাইক চোরকেও আটক করা হয়।
এসডিপিও সুব্রত বর্মন জানান, উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে দুটি বিশালগড়, একটি তেলিয়ামুড়া এবং অপরটি গন্ডাছড়া এলাকার। বাইকগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এছাড়াও তিনি জানান, গত ডিসেম্বরে গোয়ালাবস্তি এলাকা থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া বাইকগুলি ও স্বর্ণালঙ্কার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান এসডিপিও।
