শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, বিস্তর ক্ষয়ক্ষতি, বিশালগড়ে চাঞ্চল্য
বিশালগড়, ২ ফেব্রুয়ারি : অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার চাম্পামুড়া এলাকায়। সোমবার সকালে অরবিন্দ ভট্টাচার্যীর বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে বলে জানা যায়।
বাড়ির ভেতর আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় ও বাধারঘাট অগ্নি নির্বাপক দফতরে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে প্রচুর পরিমাণে রাবার শিট মজুত ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।
ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
