কেন্দ্রীয় বাজেট ‘দিশাহীন ও গতানুগতিক’—ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তীব্র সমালোচনা
আগরতলা, ২ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের পেশ করা সাম্প্রতিক বাজেটকে ‘দিশাহীন’ ও ‘গতানুগতিক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। সোমবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের শীর্ষ নেতৃত্ব এই বাজেটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
কংগ্রেস নেতৃত্বের দাবি, এই বাজেট কর্মসংস্থান, যুব ক্ষমতায়ন এবং আঞ্চলিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে উপেক্ষা করেছে। তাঁদের মতে, এটি বাস্তবসম্মত দিকনির্দেশনার অভাবে শুধুমাত্র গতানুগতিক নীতির পুনরাবৃত্তি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আশীষ কুমার সাহা বলেন, কেন্দ্রীয় বাজেট দেশের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। তাঁর কথায়, “এটি একটি দিশাহীন বাজেট। এতে কর্মসংস্থান সৃষ্টির কোনও সুস্পষ্ট রূপরেখা নেই। বরং কর্মসংস্থানের সুযোগ আরও সংকুচিত হবে এবং ছাঁটাই বাড়ার আশঙ্কা রয়েছে।” তিনি কর্মজীবী মানুষের উপর এর নেতিবাচক প্রভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, এই বাজেট কালো টাকাকে সাদা টাকায় পরিণত করার সুযোগ তৈরি করেছে। তিনি পূর্ববর্তী বাজেটগুলির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন। প্রবীর চক্রবর্তীর বক্তব্য, “কোটি কোটি বেকার যুবকের ভবিষ্যৎ নিয়ে এই বাজেটে কোনও দিকনির্দেশনা নেই। ত্রিপুরা কী পেল? রাজ্যের দীর্ঘদিনের দাবিগুলিও উপেক্ষিত রয়ে গেল।”
তিনি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যাশা পূরণে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ। বিশেষ করে ত্রিপুরার মতো রাজ্যগুলির উন্নয়নের জন্য কোনও উল্লেখযোগ্য বরাদ্দ বা নতুন উদ্যোগ না থাকায় হতাশা বেড়েছে। পূর্ববর্তী বাজেটগুলির পরিসংখ্যান তুলে ধরে তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার অভিযোগ করেন।
