মহাকরণ অভিযানের প্রস্তুতিতে মাঠে কংগ্রেস, খোয়াইয়ে সাংগঠনিক বৈঠক
খোয়াই, ১৩ ফেব্রুয়ারি : মহাকরণ অভিযান সফল করতে ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠনিক তৎপরতা শুরু করেছে কংগ্রেস। প্রতিটি জেলা সফর করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
শুক্রবার ‘এমজিএনরেগা বাঁচাও’ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে তিনি খোয়াই কংগ্রেস ভবনে আসেন। এদিনের কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের সম্পাদক কার্তিক দেবনাথ, ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, কংগ্রেস নেতা ক্ষিতীশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, নতুন আইনের মাধ্যমে সরকার গ্রামীণ অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে, যার ফলে সাধারণ গ্রামীণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তিনি আরও বলেন, ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার “জুমলা” দিচ্ছে বলেও কংগ্রেসের অভিযোগ।
এই ইস্যুতে ব্লক স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং মহাকরণ অভিযানকে সফল করতে দল সর্বশক্তি দিয়ে মাঠে নামবে।
