iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1=3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0"frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe
National

পুলিশের ওপর হামলা হলে আত্মরক্ষার্থে গুলি চালানো হবেই : শুভেন্দু অধিকারী

দীঘা, ১০ নভেম্বর : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের মামলায় মূল অভিযুক্তের পুলিশি এনকাউন্টার নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পুলিশের পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দীঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, পরিস্থিতি অনুযায়ী আইন মেনেই আত্মরক্ষার্থে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে ধর্ষণ-খুন, মাদক চোরাচালান ও অনুপ্রবেশের মতো গুরুতর অপরাধে পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে অবাধ পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন তিনি।

রায়গঞ্জের ঘটনার প্রেক্ষিতে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনুযায়ী পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশ সমস্ত অভিযুক্তকেই তো আর গুলি করে না! যারা পুলিশের ওপর আক্রমণ চালায়, তাদের ক্ষেত্রে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেয়।”

প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, “কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে অবাধ স্বাধীনতা ও পূর্ণ ক্ষমতা দিয়ে রেখেছে। আমি পুলিশকর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, এ সমস্ত ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষাতেও বসে থাকতে হবে না। ধর্ষণ ও খুন, মাদক কারবার, ড্রাগস ও মাদকদ্রব্য চোরাচালান এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ—এই প্রতিটি অপরাধের ক্ষেত্রেই পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছি।”

ধর্মীয় সম্প্রীতি ও শোভাযাত্রায় হামলার ঘটনা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে কেউ যদি পাথর নিক্ষেপ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে। যদিও আমার কার্যকালে কোনও ধর্মীয় স্থান, পুজোমণ্ডপ, দেব-দেবীর বিসর্জন শোভাযাত্রা কিংবা কোনও রাজনৈতিক-সামাজিক র্যালিতে কারও এমন দুঃসাহস দেখানোর সাহস হয়নি।”

পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “৩৪ বছরের নিরীশ্বরবাদী কমিউনিস্ট এবং ১৫ বছরের জামাতি তৃণমূল পশ্চিমবঙ্গের সনাতন সংস্কৃতি, ধর্মগ্রন্থ ও ঐতিহ্যকে ধ্বংস করে দিয়েছিল। আমরা সেই গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *